মা - মনের আলোয়
আমরা জন্ম গ্রহণ করে প্রথম যে শব্দ উচ্চারণ করি তা "মা"। মায়ের বুকে ছোট্ট আমাদের জীবন স্মৃতিতে অস্পষ্ট হলেও কোন শিশুকে যখন দেখি, তখন মনে পড়ে, কি পরম নির্ভরতা আর কি অয়াপ্র স্নেহের যুগপৎ আনন্দ-রসায়ন! নবজাত শিশুর অস্তিত্বটা জুড়ে ঐ মা, সে তার মায়ের কাছে খায়, মায়ের কোলে ঘুমায় আর যখন জেগে থাকে তখন জ্যোৎস্না ভরা রাতের তারাগুলি যেমন পৃথিবীর দিকে মিটমিট করে চায়, তেমন মায়ের দিকে চেয়ে থাকে। প্রত্যেকটি মানুষের জীবনে "মা" তার সমগ্র সত্তার এক অবিচ্ছেদ্য ও ভিত্তিমূলক অংশ। আসলে একজন মানুষের সাথে এই পৃথিবীর প্রথম পরিচয় ঘটে মায়ের মাধ্যমে। "মা" যেন সেই সাঁকো যা মানুষকে অজানা থেকে জানার আলোয় নিয়ে আসে। যে শিশু সুপ্তাবাস্থায় গর্ভান্ধকারে এতদিন বেড়ে উঠছিল, মা তার চোখ ফোটাল পরম মমতায়, পরিচয় করিয়ে দিল জগতকে আর জগতের সবচাইতে সুন্দর ভাব "অপার-স্নেহ, মমতা, লালিত্যে" ঘেরা "মাতৃভাব" এর সাথে। মা শিশুকে শুধু পার্থিব জগতে এনেই তার কর্তব্য শেষ করেন না বরং, যতদিন তাঁর শরীর থাকে ততদিন সন্তানের মঙ্গলের জন্য তাঁর চেষ্টার কোন ক্রুটি থাকে না। জগতের সবচাইতে নিঃস্বার্থ ও শুদ্...